ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক আবদুর রাজ্জাকের ছেলে আসিফ আহমেদ এবং বিশিষ্ট ভাস্কর আইভি জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান। স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক মুকুল কুমার বড়াই।
প্রদর্শনী উপলক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছয় শিক্ষার্থীকে তাঁদের শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন স্মারক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সুপ্রিয়া কুমার ঘোষ (এক্সপেরিমেন্টাল বেস্ট), মো. তাফসিরুল ইসলাম (মিডিয়াম বেস্ট), সুমিত রায় (নভেরা আহমেদ স্মারক পুরস্কার), ফাইজা ফাইরুজ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মারক পুরস্কার), সুইটি আক্তার (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মারক পুরস্কার) এবং ফারহানা আলম ইশা (শিল্পী আনোয়ার জাহান স্মারক পুরস্কার)।
এদিকে, ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম নিয়ে আয়োজিত এ প্রদর্শনী ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমে নির্মিত ভাস্কর্য ও শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, শিল্পভাবনা ও নিজস্ব নির্মাণশৈলী দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
প্রদর্শনীটি চারুকলাপ্রেমী, শিল্পী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…