এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি শুরু করেছেন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় অনেক শিক্ষার্থীর মধ্যে হতাশা কাজ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির স্বপ্ন দেখার সুযোগ এখনো রয়েছে। কারণ, বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য জিপিএ-৫ বাধ্যতামূলক নয়। নির্ধারিত ন্যূনতম জিপিএ অর্জন করলেই আবেদন করতে পারবেন যোগ্য শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট।
ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫০ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ কমপক্ষে ৮.০০ এবং পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.০০ থাকতে হবে।
২. বিজ্ঞান ইউনিট
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৮.০০ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ এবং পৃথকভাবে ৩.০০ থাকতে হবে।
৩. ব্যবসায় শিক্ষা ইউনিট
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫০ এবং আলাদাভাবে ৩.০০ থাকতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ কমপক্ষে ৮.০০ এবং পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.০০ থাকতে হবে।
৪. চারুকলা ইউনিট
চারুকলা ইউনিটে আবেদন করতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—সব বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। পাশাপাশি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
ভর্তির আবেদন কবে শুরু?
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলেই ভর্তি নিশ্চিত হয় না। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং মেধাক্রমে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হবে।
তাই জিপিএ-৫ না পাওয়ায় হতাশ না হয়ে নিজের যোগ্যতা যাচাই করে ভর্তি প্রস্তুতি শুরু করার পরামর্শ সংশ্লিষ্টদের।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…