১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক (International Humanitarian Law) মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে শিরোপা অর্জন করে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল।

গত ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং আইইউবি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম ও মোহাম্মদ ইবনে আলম। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে আইনি যুক্তি উপস্থাপন, বিচারিক বিশ্লেষণ, গবেষণা এবং দলীয় সমন্বয়ের মাধ্যমে তারা নিজেদের দক্ষতার পরিচয় দেন। প্রতিযোগিতার মৌখিক পর্বে দেশের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন জটিল বিষয় নিয়ে কাল্পনিক বিচারিক পরিস্থিতিতে নিজেদের আইনি যুক্তি ও বিশ্লেষণ উপস্থাপন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের পেছনে দিকনির্দেশনা ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং ঢাকা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (ডিইউএমসিএস) সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং সোসাইটির প্রধান মডারেটর সহযোগী অধ্যাপক ড. ফারজানা আক্তার। এছাড়া আইন বিভাগের প্রভাষক মনিরুজ্জামান দলটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে হংকংয়ে অনুষ্ঠেয় পরবর্তী এশিয়া-প্যাসিফিক রাউন্ডেও দলটির সাফল্য কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং আইনি গবেষণা, বিশ্লেষণ ও আদালতে যুক্তি উপস্থাপনের দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় পর্বে বিজয়ী দল হংকংয়ে অনুষ্ঠেয় রেড ক্রস আন্তর্জাতিক মানবিক আইন মুট কোর্ট প্রতিযোগিতার এশিয়া-প্যাসিফিক রাউন্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।