শিক্ষামন্ত্রী বললেন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না; উপাচার্যের আহ্বান, শিক্ষার্থীদের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা জোরদার, উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও University & Industry Alliance-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা, শিক্ষাক্রম আধুনিকায়ন, গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিল্প খাতের চাহিদা অনুযায়ী উচ্চশিক্ষার কাঠামো ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
চার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক
ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো—
* বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)
* বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)
* হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
* ব্রেইন স্টেশন ২৩ পিএলসি
এসব সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয় ঘটানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে যৌথ গবেষণা, উদ্ভাবন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগে রূপান্তরের পথ আরও সুগম হতে পারে।সেমিনারে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান উপাচার্যের
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার মাত্র ১ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছে, অন্যদিকে শিল্প ও সেবা খাতের বিভিন্ন পদে বিদেশি কর্মীদের উপস্থিতি রয়েছে। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির তথ্য তুলে ধরে উপাচার্য বলেন, দেশের শিল্প ও সেবা খাতের কারিগরি এবং প্রকৌশল পদগুলোর ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদগুলোর ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীদের দখলে রয়েছে। এ পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার মধ্যে বিদ্যমান ব্যবধানের বিষয়টি সামনে নিয়ে আসে। তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদান এবং শিল্পপ্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তি ও কর্মপরিবেশের মধ্যে একটি বড় শূন্যতা রয়েছে। এই ব্যবধান দূর করতে উচ্চশিক্ষার কাঠামোতে পরিবর্তন আনা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের প্রভাব তুলে ধরে উপাচার্য বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিগত পরিবর্তনের ফলে ২০৩০ সালের মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে নতুন প্রযুক্তি ও অর্থনৈতিক কাঠামোর কারণে প্রায় ১৭ কোটি নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে উচ্চশিক্ষার আমূল পরিবর্তন এবং শিক্ষার্থীদের নতুন দক্ষতায় দক্ষ করে তোলা প্রয়োজন। উপাচার্য আরও বলেন, মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য আইনি কাঠামো পুনর্বিন্যাস, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন তৈরি, শিল্প খাতে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে শ্রেণিকক্ষের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে এবং গবেষণালব্ধ জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর করতে হবে। রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সক্ষমতা কাজে লাগানো জরুরি।
ঢাবিতে ওবিই কারিকুলাম চালুর উদ্যোগ
উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে Outcome-Based Education (OBE) বা ফলাফলভিত্তিক শিক্ষাক্রম চালু করা হচ্ছে। এ শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতাকে নির্দিষ্ট শিক্ষাগত ফলাফলের সঙ্গে যুক্ত করা হবে। শিল্প খাতের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রমের মানোন্নয়ন এবং গবেষণার নতুন সম্ভাবনা তৈরিও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। গবেষণার ফলাফলকে পেটেন্ট, প্রযুক্তি লাইসেন্সিং এবং নতুন উদ্যোগে রূপান্তরের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ইনোভেশন অফিস, পেটেন্ট অ্যান্ড কপিরাইট অফিস এবং টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণে শিল্প ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
‘বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না’: শিক্ষামন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগানো যায়। বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও শুধু শিক্ষার্থীদের ইন্টার্নশিপে পাঠানোর মধ্যেই ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতাকে সীমাবদ্ধ রাখা যাবে না। শিক্ষকদেরও আগে শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার চাহিদা, কর্মপরিবেশ, প্রযুক্তি ও বাস্তব সমস্যাগুলো বুঝতে হবে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণা, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন করা প্রয়োজন। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে শ্রমবাজারের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এমন বিভাগ অনুমোদন না দেওয়ার আহ্বান জানান, যেসব বিভাগের শিক্ষার্থীদের জন্য বর্তমান কর্মবাজারে পর্যাপ্ত চাহিদা নেই। শিক্ষক বা ছাত্ররাজনীতির বিবেচনায় বিভাগ খোলার পরিবর্তে দেশের অর্থনীতি, শিল্প ও কর্মসংস্থানের প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষার পরিকল্পনা গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এআইকে শুধু চ্যালেঞ্জ হিসেবে না দেখে সমাধানের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উৎপাদনশীলতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। শুধু বক্তৃতা ও দীর্ঘ গবেষণাপত্রের পরিবর্তে বাস্তব কাজের অগ্রগতি এবং গবেষণার ফলাফলকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, বাজেট ও উৎপাদনশীলতা নিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এসব ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা দিতে আগ্রহী। শিক্ষামন্ত্রী শিক্ষা ও গবেষণার উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষাব্যবস্থা ও গবেষণা মডেল অনুসরণ করে দেশের উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ইন্টার্নশিপ ও যৌথ গবেষণায় গুরুত্ব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের আহ্বান জানান। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণা তহবিল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও একাডেমিক সম্পদ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন University & Industry Alliance-এর সভাপতি ও আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।
উচ্চশিক্ষা ও শিল্প খাতের মধ্যে সেতুবন্ধন তৈরির প্রত্যাশা
সেমিনারে বক্তারা বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি এবং কার্যকর সহযোগিতা গড়ে তোলা জরুরি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন শিল্প খাতের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানো গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা তৈরির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শিল্প খাতের অর্থায়ন ও অংশগ্রহণ, শিক্ষক-শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন এবং গবেষণার ফলাফল বাণিজ্যিকভাবে প্রয়োগের সুযোগ তৈরির মাধ্যমে এই সহযোগিতাকে আরও কার্যকর করা সম্ভব বলে মনে করেন বক্তারা। সেমিনারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ উদ্যোগ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…