ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ও ডেথ পেনাল্টি প্রজেক্টের (ডিপিপি) কো-এক্সিকিউটিভ ডিরেক্টর লর্ড সল লেয়ারফ্রয়েন্ড এমবিই। আজ রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সমাজে সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকার নিশ্চিত করা এবং মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অতিথিকে ধন্যবাদ জানান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজনে ‘বাংলাদেশে মৃত্যুদণ্ড কি ন্যায়বিচারের স্বার্থ রক্ষা করে এবং সাংবিধানিক নিশ্চয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?’ শীর্ষক এক উন্মুক্ত বক্তৃতা প্রদান করেন লর্ড সল লেয়ারফ্রয়েন্ড।

বাংলাদেশে মৃত্যুদণ্ডের ন্যায়বিচার নিয়ে ঢাবিতে ব্রিটিশ মানবাধিকার আইনজীবীর বক্তৃতা
১/৩
বাংলাদেশে মৃত্যুদণ্ডের ন্যায়বিচার নিয়ে ঢাবিতে ব্রিটিশ মানবাধিকার আইনজীবীর বক্তৃতা
২/৩
বাংলাদেশে মৃত্যুদণ্ডের ন্যায়বিচার নিয়ে ঢাবিতে ব্রিটিশ মানবাধিকার আইনজীবীর বক্তৃতা
৩/৩

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের প্রভাষক আলী মাশরাফ বক্তৃতায় উপস্থিত সবাইকে স্বাগত জানান। এ সময় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের নিয়ে গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও ডেথ পেনাল্টি প্রজেক্টের পূর্ববর্তী যৌথ উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রতিষ্ঠান দুটির সহযোগিতায় বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের নিয়ে দুটি গবেষণামূলক সমীক্ষা পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।

 

মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি বেশি

বক্তৃতায় লর্ড লেয়ারফ্রয়েন্ড মৃত্যুদণ্ডের বিষয়টি অভিজ্ঞতাভিত্তিক গবেষণা, সাংবিধানিক বিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর আলোকে বিশ্লেষণ করেন। তাঁর আলোচনায় উঠে আসে, মৃত্যুদণ্ডের সাজা প্রদানের ক্ষেত্রে আর্থসামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে পড়েন। তিনি বলেন, বিচারপ্রক্রিয়ায় বিভিন্ন কাঠামোগত দুর্বলতা ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিশেষ করে হেফাজতে নির্যাতন, বিচার শুনানির পর্যায়ে এসে রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগ, আইনজীবীদের অত্যন্ত অপর্যাপ্ত পারিশ্রমিক এবং অভিযুক্ত ব্যক্তি ও তাঁর আইনজীবীর মধ্যে দুর্বল যোগাযোগের মতো সমস্যাগুলো সুষ্ঠু বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এসব সীমাবদ্ধতা অভিযুক্ত ব্যক্তির যথাযথ আইনি প্রতিনিধিত্ব পাওয়ার সাংবিধানিক নিশ্চয়তাকে দুর্বল করে এবং বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে বলে তিনি উল্লেখ করেন। বক্তৃতায় মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত শাস্তির ক্ষেত্রে নির্ভরযোগ্য তদন্ত, কার্যকর আইনি প্রতিনিধিত্ব, নিরপেক্ষ বিচার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আইনি প্রতিনিধিত্বের সংকট নিয়ে সাম্প্রতিক গবেষণা

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আইনি প্রতিনিধিত্বের মান ও কার্যকারিতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ (সিএএলএস) এবং ডেথ পেনাল্টি প্রজেক্টের সহযোগিতায় ২০২৬ সালে প্রকাশিত একটি গবেষণায় বিচারপ্রক্রিয়ার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতা উঠে এসেছে। ‘Legal Representation in Death Penalty Cases in Bangladesh: An Empirical and Conceptual Analysis’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, মৃত্যুদণ্ডের মামলায় অভিযুক্ত ব্যক্তিরা অনেক ক্ষেত্রে কার্যকর ও দক্ষ আইনি প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হন। গবেষণায় আর্থিক অসচ্ছলতা, অভিজ্ঞ আইনজীবীর সংকট, রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের অপর্যাপ্ত পারিশ্রমিক, আইনজীবী ও মক্কেলের মধ্যে যোগাযোগের দুর্বলতা এবং আইনজীবী নিয়োগে বিলম্বকে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণাটিতে মৃত্যুদণ্ডের মামলায় আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বিলম্ব, বিচারপ্রক্রিয়ায় গণমাধ্যমের প্রভাব এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের অভিযোগের মতো বিষয়ও বিশ্লেষণ করা হয়েছে। গবেষকদের মতে, এসব সমস্যা অভিযুক্ত ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভুল রায়ের ঝুঁকি বাড়াতে পারে। গবেষণাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও রাফিদ আজাদ সাউমিকের নেতৃত্বে পরিচালিত হয়। এতে মৃত্যুদণ্ডের মামলায় আইনি প্রতিনিধিত্বের বাস্তব অভিজ্ঞতা ও আইনগত বিশ্লেষণ একত্রিত করা হয়েছে।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের আর্থসামাজিক বাস্তবতা

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের আর্থসামাজিক অবস্থা, বিচারপ্রক্রিয়া এবং কারাগারে তাঁদের অভিজ্ঞতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ডেথ পেনাল্টি প্রজেক্টের যৌথ উদ্যোগে ২০১৯-২০ সালে একটি গবেষণা পরিচালিত হয়। Living Under Sentence of Death: A Study on the Profiles, Experiences and Perspectives of Death Row Prisoners in Bangladesh’ শীর্ষক গবেষণায় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের একটি বড় অংশ আর্থসামাজিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য। তাঁদের অনেকেই স্বল্পশিক্ষিত, স্বল্প আয়ের পেশায় নিয়োজিত অথবা বেকার ছিলেন। গবেষণায় অংশ নেওয়া বন্দিদের ৭২ শতাংশকে আর্থসামাজিকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল। তাঁদের ৫৩ শতাংশ স্বল্প আয়ের কাজে নিয়োজিত ছিলেন অথবা বেকার ছিলেন। এছাড়া ৭৪ শতাংশ বন্দি অপরাধ সংঘটনের সময় ৩০ বছরের কম বয়সী ছিলেন এবং একই সংখ্যক বন্দির পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না। গবেষণায় বন্দিদের পরিবারের আর্থিক সংকট, কারাগারে স্বজনদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে সৃষ্ট মানসিক ও সামাজিক চাপের বিষয়টিও উঠে আসে। এসব তথ্য মৃত্যুদণ্ডের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান এবং বিচারপ্রক্রিয়ায় তাঁদের সুযোগ-সুবিধার মধ্যে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।

 

প্রশ্নোত্তর পর্বে বিচারব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা

বক্তৃতা শেষে অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার, আইনি সহায়তার সক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের কারাগারে জীবনযাপনের পরিস্থিতি নিয়ে লর্ড লেয়ারফ্রয়েন্ডের সঙ্গে আলোচনা করেন। এ সময় বাংলাদেশি নৃবিজ্ঞানী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মানবাধিকারকর্মী মুশফিকুর রহমান জোহান মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি এবং তাঁদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আনজু তাঁর বক্তব্যে ফৌজদারি মামলায় সাজা প্রদানের ক্ষেত্রে বিচারিক স্বেচ্ছাচারিতা ও অসামঞ্জস্যের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সাজা প্রদানের ক্ষেত্রে যথাযথ নির্দেশনা ও মানদণ্ডের অভাব অনেক ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকরের মতো অপরিবর্তনীয় পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি চূড়ান্ত অবিচারের কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের স্বেচ্ছাচারিতা ও অসামঞ্জস্য দূর করতে ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় সুনির্দিষ্ট সাজা প্রদানের নির্দেশিকা বা সেন্টেন্সিং গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

গবেষণা ও মানবাধিকার সংলাপ এগিয়ে নেওয়ার অঙ্গীকার

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক লর্ড লেয়ারফ্রয়েন্ডের চিন্তাপ্রসূত ও গুরুত্বপূর্ণ বক্তৃতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মানবাধিকার, সাংবিধানিক ন্যায়বিচার এবং বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও সমালোচনামূলক সংলাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আইন অনুষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, ডেথ পেনাল্টি প্রজেক্ট একটি আন্তর্জাতিক মানবাধিকারভিত্তিক আইনগত সংস্থা, যা মৃত্যুদণ্ডের মুখোমুখি ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান এবং মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত ও বিলোপের লক্ষ্যে কাজ করে। সংস্থাটি বাংলাদেশে বিভিন্ন আইনজীবী, গবেষক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড, মানবাধিকার, সাংবিধানিক নিশ্চয়তা এবং বাংলাদেশের বিচারব্যবস্থার সংস্কার নিয়ে একাডেমিক ও নীতিগত আলোচনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।