ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত ফরাসি লেখক, বুদ্ধিজীবী, শিল্পকলার ইতিহাসবিদ ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরো (André Malraux)-এর স্মরণে একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন ‘আঁদ্রে মালরো গার্ডেন’ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিফলকটি উন্মোচন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস এবং আলিয়ঁ ফ্রঁসেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকাস্থ আলিয়ঁ ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো (François Chambraud) উপস্থিত ছিলেন।

ঢাবিতে আঁদ্রে মালরোর স্মৃতিফলক উন্মোচন, ফ্রান্স-বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের স্মারক
১/১

 

মুক্তিযুদ্ধে সংহতি ও আন্তর্জাতিক জনমত গঠনে মালরোর ভূমিকা

আঁদ্রে মালরো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম আন্তর্জাতিক সমর্থক হিসেবে পরিচিত। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সোচ্চার ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের সেপ্টেম্বরে মালরো বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক একটি ব্রিগেড গঠনের প্রস্তাব দেন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন। বয়স প্রায় ৭০ বছর হলেও তাঁর এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তাঁর দৃঢ় সমর্থন ফ্রান্সসহ বিভিন্ন দেশের বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে ১৯৭৩ সালের ২১ এপ্রিল বাংলাদেশ সফরে আসেন আঁদ্রে মালরো। সফরকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ঐতিহাসিক বক্তব্য দেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ, স্বাধীনতার মূল্য এবং নতুন রাষ্ট্র নির্মাণের দায়িত্ববোধ বিশেষভাবে উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যান। সেখানে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট.) ডিগ্রি প্রদান করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও আন্তর্জাতিক সংহতির স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন।

 

মালরোর স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন মালরো গার্ডেন দীর্ঘদিন ধরে তাঁর স্মৃতির সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। তাঁর বাংলাদেশ সফর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া ঐতিহাসিক বক্তব্যের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৪ সালে এই বাগানে তাঁর স্মরণে একটি ম্যুরালও স্থাপন করা হয়, যেখানে তাঁকে বাংলাদেশের বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে তাঁর স্মৃতিকে আরও স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলো। অনুষ্ঠানে তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমে তাঁর সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সংহতি এবং বাংলাদেশ সফরের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়।

 

উপাচার্য: মুক্তিযুদ্ধের বন্ধুদের সম্মান জানানো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম লেখক ও বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মালরোর নৈতিক সাহস, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং আন্তর্জাতিক সংহতির চেতনা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ফ্রান্স ও বাংলাদেশের জনগণের মধ্যে স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছিল। সাহিত্য, শিল্পকলা ও জনজীবনে তাঁর অনন্য অবদান তুলে ধরে উপাচার্য বলেন, মানব স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার তাঁকে বাংলাদেশের মানুষের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছে। উপাচার্য আরও বলেন, দেশের প্রাচীনতম এবং অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সংগ্রামের কঠিন সময়ে দেশ-বিদেশের যেসব সুহৃদ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের সম্মান জানানো বিশ্ববিদ্যালয়ের বিশেষ দায়িত্ব।

 

ফ্রান্সের রাষ্ট্রদূত: দুই দেশের বন্ধুত্বের ইতিহাস স্মরণ করার সুযোগ

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জীবন ও জাতীয় পরিচয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতিষ্ঠান। আঁদ্রে মালরোর ৫০তম প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের ইতিহাস নতুন করে স্মরণ করার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব গড়ে উঠেছে কূটনৈতিক সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ, সংহতি এবং মানুষের মর্যাদা ও স্বাধীনতার প্রতি গভীর অঙ্গীকারের ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালরোকে স্মরণ করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই তিনি তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন, যা এখনো অবিস্মরণীয় হয়ে আছে।

 

শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাস্থ আলিয়ঁ ফ্রঁসেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আঁদ্রে মালরোর স্মৃতিফলক সংরক্ষণ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে শুধু একজন প্রখ্যাত ফরাসি সাহিত্যিক ও বুদ্ধিজীবীর স্মৃতিই সংরক্ষিত হবে না; বরং বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্ব, মুক্তিযুদ্ধের সময়কার আন্তর্জাতিক সংহতি এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের ইতিহাসও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। আঁদ্রে মালরো ১৯০১ সালের ৩ নভেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ৫০ বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতিফলক উন্মোচন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক বন্ধুদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফ্রান্স-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক অধ্যায়কে নতুন করে স্মরণ করিয়ে দিল।