ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম স্থায়ী সরস্বতী প্রতিমা। এ লক্ষ্যে ৩০ ফুট উচ্চতার প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিমাটি নির্মাণ সম্পন্ন হলে বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করছে হল কর্তৃপক্ষ। একই সঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এর নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা, ভিত্তিপ্রস্তর স্থাপন
১/২
ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা, ভিত্তিপ্রস্তর স্থাপন
২/২

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জানা যায়, ৩০ ফুট উচ্চতার স্থায়ী কংক্রিটের প্রতিমাটি জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিমাটির নকশা প্রণয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল। জগন্নাথ হল কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রতিমাটির নির্মাণকাজ সম্পন্ন হলে এটি উচ্চতার দিক থেকে বিশ্বের বৃহত্তম স্থায়ী সরস্বতী প্রতিমা হিসেবে পরিচিতি পাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৯ ফুট উচ্চতার একটি সরস্বতী প্রতিমা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেই প্রতিমাকে ছাড়িয়ে ৩০ ফুট উচ্চতার প্রতিমা নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে স্বীকৃতি অর্জনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এবং নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। এখানে সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে। তিনি আরও বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার প্রতীক। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু প্রাতিষ্ঠানিক ফলাফল অর্জন নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ এবং সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)। এ ছাড়া অনুষ্ঠানে জগন্নাথ হল সংসদের নেতৃবৃন্দ, জগন্নাথ হল ছাত্রদলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রতিবছর সরস্বতী পূজা উপলক্ষে বর্ণিল আয়োজনের জন্য বিশেষভাবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এ উৎসবে অংশ নেন। নতুন এই স্থায়ী প্রতিমা নির্মাণের উদ্যোগ জগন্নাথ হলের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।