রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মানসুরা আক্তার। বিশিষ্ট শিক্ষাবিদ ক্যাটাগরিতে আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)-এর ১৮(১)(চ) ও ১৮(২) ধারা অনুযায়ী মানসুরা আক্তারসহ তিনজনকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ২৭ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এ-সংক্রান্ত আগের আদেশটি বাতিল করা হয়েছে।
নতুন মনোনীত তিন সদস্য হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম শফিউর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনীত সদস্যরা আগামী দুই বছর নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হিসেবে সিন্ডিকেট শিক্ষা, প্রশাসন, অর্থ ও একাডেমিক কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে।