৩৫–৪০ লাখ টাকা ব্যয়ে পুরোনো সংযোগ পরিবর্তনের প্রস্তাব; প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে হল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে নতুন বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. সাকিব বিশ্বাস।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে সাকিব বিশ্বাস জানান, দুই হলের বিদ্যুৎ সমস্যা সমাধানে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আসছেন তারা। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানির সঙ্গে সাক্ষাৎ করার কথাও জানান।
সাকিব বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, দুই হলের বিদ্যুৎ সংযোগ কাঁটাবন ডিপিডিসি এলাকা থেকে সরবরাহ করা হয়। পুরোনো লাইনগুলো ঘন গাছপালার মধ্য দিয়ে যাওয়ায় গাছের ডাল বা পাখির সংস্পর্শে প্রায়ই বিদ্যুৎ সংযোগে সমস্যা তৈরি হয় এবং লোডশেডিং বেড়ে যায়। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
তিনি জানান, সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যান্য কয়েকটি হলের মতো বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নতুনভাবে সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং এ নিয়ে কাজ শুরু হয়েছে।
সাকিব বিশ্বাস আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার সেকশন থেকে তাঁদের জানানো হয়েছে, পুরো বিদ্যুৎ লাইন পরিবর্তন করতে আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন হতে পারে। এ-সংক্রান্ত ফাইলও ফরোয়ার্ড করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তাঁর পোস্ট অনুযায়ী, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলফেসানি দ্রুত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সাকিব বিশ্বাস আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে দুই হলের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। একইসঙ্গে তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান।