জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তারা কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।

মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক রোকেয়া আক্তার। এ সময় মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়নের পাশাপাশি দেশের নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীগুলো দূষণমুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে।

তিনি বলেন, গভীর সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানির জন্যও সরকার কাজ করছে। মৎস্য খাতের উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।