দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬’। স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’-এর উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীরা মোট ১২৮টি গবেষণাপত্র, কনসেপ্ট পেপার ও পোস্টার উপস্থাপন করে।

শনিবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজস্ব পারিপার্শ্বিক সমস্যার সমাধানে সহজলভ্য উপকরণ ব্যবহার করে গবেষণার সূচনা করা সম্ভব। গবেষণা কেবল বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শুরু হতে হবে—এমন ধারণা সঠিক নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমুজ্জামাদ্দাদে আলফাসানে, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া।

চিন্তার চাষের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্ষুদে গবেষকেরা উপস্থিত ছিলেন। সম্মেলনের আহ্বায়ক জাহিদুল ইসলাম দিনব্যাপী আয়োজনের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশন শনিবার সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক ও বিজ্ঞানী ড. মুবারক আহমদ খান এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সমাপনী অধিবেশনে গবেষণার ধারণা ও বিষয়বস্তু উপস্থাপনায় স্বাতন্ত্র্যের স্বীকৃতিস্বরূপ ক্ষুদে গবেষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উল্লেখ্য, সম্মেলনটির ইংরেজি গণমাধ্যম সহযোগী ছিল দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং বাংলা গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।