ঢাবিতে অধ্যাপক আজহারুল ইসলাম শেখের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের ‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনী আগামী ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পী, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী শিল্পী ও শিক্ষক। বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালনের সময় তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অধ্যাপক আজহারুল ইসলাম শেখ অত্যন্ত বিনয়ী, সৌজন্যপরায়ণ ও সমন্বয়প্রবণ একজন মানুষ। যেকোনো বিষয়ে তিনি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন।

তিনি বলেন, সিরামিক শিল্পসহ বিভিন্ন মাধ্যমে অধ্যাপক আজহারুল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে শিল্পচর্চা করে আসছেন। তাঁর শিল্পকর্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সংস্কৃতির পরিচয় তুলে ধরছে। চিত্রকলা ও সিরামিকের পাশাপাশি সংগীত ও অভিনয়েও তাঁর প্রতিভার পরিচয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, গুণী শিল্পীদের সৃজনশীল চর্চাকে আরও বিস্তৃত করার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। অধ্যাপক আজহারুল ইসলাম শেখের শিল্পকর্ম ও শিল্পচর্চাকে বৃহত্তর পরিসরে মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া উচিত। এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

অধ্যাপক আবদুস সালাম আরও বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বিশেষ বৈশিষ্ট্য বহন করে। এ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের শিল্পকর্মে বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জীবনযাত্রার নানা দিক নান্দনিকভাবে ফুটে ওঠে। এসব শিল্পকর্ম দেশীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের শিল্প-ঐতিহ্য তুলে ধরছে।

শিল্পচর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের শিল্পকলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। এ সময় তিনি শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রদর্শনীতে অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের বিভিন্ন সময়ের সৃজনশীল শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব চিত্রকর্মে মুক্তির সংগ্রাম, মানুষের অনুভূতি, জীবন, প্রকৃতি ও সমকালীন বাস্তবতার নানা দিক শিল্পীর নিজস্ব নান্দনিক ভাষায় প্রকাশ পেয়েছে। পাশাপাশি প্রদর্শনীতে তাঁর বহুমাত্রিক শিল্পীসত্তারও প্রতিফলন ঘটেছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চিত্রকলা ও সিরামিকসহ বিভিন্ন মাধ্যমে শিল্পচর্চা করে আসছেন। তাঁর শিল্পকর্ম দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে।