ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ থেকে ‘ক্লিনিং ডে’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতিক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হবে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ক্যাম্পাসের পরিবেশকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।