ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এমএ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস। এছাড়া বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম এবং দর্শন বিভাগের অনারারি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, মানুষের মধ্যে পরমতসহিষ্ণুতা, উদারতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে দর্শন চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈতিকতা ও দর্শনের শিক্ষা কাজে লাগিয়ে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশের গতিপথ অনেকাংশে তরুণদের ওপর নির্ভরশীল। তাদের যথাযথ শিক্ষায় শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে পারলে দেশ যোগ্য নেতৃত্ব পাবে।

সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দর্শনের নৈতিক শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের সামাজিক সমস্যাগুলোর কার্যকর সমাধান এবং বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও আন্তঃবিষয়ক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী সম্মেলনে মোট তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এমএ শ্রেণির শিক্ষার্থীরা দর্শনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। পরে এসব প্রবন্ধ নিয়ে শিক্ষক, গবেষক, দার্শনিক ও মনোবিজ্ঞানীরা আলোচনা করেন।

এদিকে সম্মেলন উপলক্ষে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান সম্পাদিত ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক প্রবন্ধমালার মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজকদের মতে, তরুণ গবেষকদের মধ্যে দর্শনচর্চা ও গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে একাডেমিক যোগাযোগ আরও জোরদার করাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।