নবীন শিক্ষকদের বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান প্রো-ভিসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৮ জন নবীন শিক্ষককে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে “Induction Workshop for Newly Recruited Faculty Members” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। IQAC-এর পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্যমূলক বা পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। তিনি নবীন শিক্ষকদের ক্লাস নেওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ এবং নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যের কথা তুলে ধরে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১০৮ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।