ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদের প্রথম জানাজার নামাজ আজ সকালে হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জানাজায় হলের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। মুরাদুল ইসলাম মুরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছিলেন। জানা গেছে, মুরাদুলের একদিন ধরে জ্বর ছিল। পরবর্তীতে হঠাৎ শ্বাসকষ্টে তিনি জ্ঞান হারান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুরাদুল ইসলামের দ্বিতীয় জানাজা ও দাফনের স্থান ও সময় সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।