ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই মেয়ে, অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।