উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ; শিক্ষার্থী-শিক্ষক বিনিময়, বৃত্তি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদেশি ভাষা শিক্ষা, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের প্রশংসা করেন। তিনি জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বৃত্তি এবং দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রদূত। তিনি জানান, জার্মানি দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করছে। সাক্ষাৎকালে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, বৃত্তি, দক্ষতা উন্নয়ন, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
ঢাবি-জার্মানি শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানোর আলোচনা
উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ; শিক্ষার্থী-শিক্ষক বিনিময়, বৃত্তি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বাংলাদেশে
ঢা
Tanvir Khan
প্রকাশিত ২ অক্টোবর, ২০২৬
ছবির গ্যালারি
প্রতিবেদনের ছবি
১টি
মন্তব্য
পাঠকের আলোচনা
লোড হচ্ছে…