ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ (সাপ্লিমেন্টারি) পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। একই মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনাও রয়েছে। এ পরিস্থিতিতে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি উঠেছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ও পরীক্ষার কার্যক্রম শেষ হয়ে যাবে। ফলে এ শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ১১ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

তবে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।