শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করতে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং রোগীকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (BANCAT)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং BANCAT-এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, BANCAT-এর প্রজেক্ট ডিরেক্টর সাজ্জাদ হায় চৌধুরী এবং ম্যানেজার, এক্সিকিউটিভ পার্টনারশিপ জায়েদ আহমেদ রিফাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ। BANCAT-এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যান্সার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতা বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে। সমঝোতা স্মারকের আওতায় BANCAT-এর স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘BANCAT DURBAR’-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে কর্মসূচিটির প্রচার, স্বেচ্ছাসেবক নিবন্ধন, ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সহযোগিতার অংশ হিসেবে ক্যান্সার সচেতনতা বিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম ও প্রচারাভিযান আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্যাম্পাস ও অনলাইনভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্যান্সার-সংশ্লিষ্ট দিবসগুলো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সমঝোতা অনুযায়ী প্রশিক্ষিত ও তত্ত্বাবধানাধীন শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা ক্যান্সার রোগী ও তাদের পরিবারের জন্য অনুমোদিত অ-চিকিৎসামূলক সহায়তা, মানসিক সমর্থন, সঙ্গদান এবং বিনোদনমূলক ও উৎসাহব্যঞ্জক কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে স্বেচ্ছাসেবকদের দায়িত্বের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কোনো স্বেচ্ছাসেবক রোগীকে চিকিৎসা পরামর্শ দেওয়া, রোগ নির্ণয় করা বা চিকিৎসাসেবা প্রদান করতে পারবেন না। সমঝোতা স্মারকে রোগীদের মর্যাদা, নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া তাদের ছবি, ভিডিও, ব্যক্তিগত তথ্য কিংবা চিকিৎসাসংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না। তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও BANCAT-এর এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রোগী ও তাদের পরিবারের প্রতি সামাজিক সহমর্মিতা এবং স্বেচ্ছাসেবী অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
ক্যান্সার সচেতনতা ও রোগীকল্যাণে ঢাবি-ব্যানক্যাটের সমঝোতা
শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করতে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং রোগীকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক
ঢা
Tanvir Khan
প্রকাশিত ২ অক্টোবর, ২০২৬
মন্তব্য
পাঠকের আলোচনা
লোড হচ্ছে…