ঢাকা - নতুন সেমিস্টারের ব্যস্ততা আর পড়াশোনার চাপে যখন শিক্ষার্থীদের হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে আয়োজিত হলো এক চমৎকার নস্টালজিক সাংস্কৃতিক সন্ধ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ইকোনমিক্‌স কালচারাল ক্লাব’ (ECC) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পরিবেশনা ‘2000's Eve’। একই সঙ্গে এই আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বিভাগের নতুন ১০৫তম ব্যাচের শিক্ষার্থীদের। গত ৮ই অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৬, দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০০ এর দশকের আমেজ ও স্মৃতিচারণ - অনুষ্ঠানের মূল মূলভাব (Theme) ছিল ২০০০ এর দশকের সোনালী দিনগুলো। যে সময়ে নাটক , টেলিফিল্মে ছিল ভিন্ন এক আবেশ, গান ও ফ্যাশনে ছিল অনন্য বৈশিষ্ট্য ! সেই নস্টালজিক সময়কে মঞ্চে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন ক্লাবের সদস্যরা। গান, নাচ, আবৃত্তি এবং নজরকাড়া র‍্যাম্প শো এর মাধ্যমে দর্শক ও শিক্ষার্থীদের ২০০০ এর দশকের স্মৃতির ভেলায় ভাসিয়ে নেওয়া হয়। ১০৫তম ব্যাচের বরণ ও নতুন প্রতিভার খোঁজ - ইকোনমিক্স কালচারাল ক্লাবের এই আয়োজন নতুন ভর্তি হওয়া ১০৫তম ব্যাচের ছোট বন্ধুদের জন্য ছিল ইকোনমিক্স ক্লাবের পরিবারে প্রথম পা রাখার এক অনন্য উপলক্ষ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের ভেতরের লুকিয়ে থাকা প্রতিভা উন্মোচনের জন্য ঘোষণা করা হয় ‘ECC Talent Hunt’ এর। ক্লোজআপ ওয়ান কিংবা মার্কস অলরাউন্ডারের মতো বড় মঞ্চের আমেজে নবীনরা তাদের নিজস্ব প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে বলে আয়োজকরা জানান। ম্যাগাজিন ও সুভেনির উন্মোচন - অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইকোনমিক্স কালচারাল ক্লাবের বিশেষ প্রকাশনা ‘ক্যানভাস’ (প্রথম সংখ্যা) এর মোড়ক উন্মোচন। একই সঙ্গে ইভেন্ট উপলক্ষে স্মারক ক্যাসেট ও নস্টালজিক বুকমার্কসহ নানা উপহার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। পুরোনো দিনের আবেগ, নতুন মুখের উচ্ছ্বাস আর আড্ডায় পুরো মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন যেন কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিল ২০০০ এর দশকে। আয়োজকরা আশা ব্যক্ত করেন, ECC র ক্যাসেটে বন্ধী হওয়া এই স্মৃতিগুলো শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘদিন জাগ্রত থাকবে।