ঢাবিতে শিক্ষার্থীদের নিরাপত্তায় মুজিব হলের পকেট গেট বন্ধের সিদ্ধান্ত, হলগুলোতে বাড়ছে নজরদারি

সাত প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট, অতিথি প্রবেশে মনিটরিং ও সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আবাসিক হল ও আবাসিক এলাকায় অতিথিদের প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানো, প্রভোস্টদের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং হলগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা উদ্বেগ এবং বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের এসব উদ্যোগের লক্ষ্য ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। মঙ্গলবার (১৭ নভেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণবিষয়ক এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের প্রভোস্ট ও ওয়ার্ডেন, আইসিটি সেলের পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিব হলের পকেট গেট সাময়িক বন্ধঃ সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ ও চলাচলের পথের নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পকেট গেট বন্ধ রাখার সিদ্ধান্তও সেই নিরাপত্তা ব্যবস্থার অংশ।

আবাসিক হলগুলোতে নজরদারি বাড়ছে

আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রভোস্টদের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এসব সভার মাধ্যমে হলের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ এবং বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি আবাসিক হল ও আবাসিক এলাকায় অতিথিদের প্রবেশের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। কে, কী উদ্দেশ্যে এবং কার সঙ্গে দেখা করতে হলে প্রবেশ করছেন, সে বিষয়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন আবাসিক হলে হাউজ টিউটরদের নিয়মিত ফ্লোর ভিজিট কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে হলের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের নিরাপত্তাসংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছে প্রশাসন।

সাত প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট, বাড়ছে টহল

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টোরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টোরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশকারী ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের কার্যক্রমও জোরদার করা হয়েছে। কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক বিস্ফোরণের পর বাড়তি সতর্কতা

উল্লেখ্য, গত ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষ করে ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় চালকসহ দুজন আহত হন। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। এ পরিস্থিতিতে ১০ নভেম্বর উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি, প্রবেশপথে চেকপোস্ট স্থাপন এবং সিসিটিভি মনিটরিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রক্টর অফিসের বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়