ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। আগামী ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হবে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক নীতিমালা ও বিজ্ঞান কূটনীতিতে বিশেষজ্ঞ আতসুশি সুনামি। অধ্যাপক ড. আতসুশি সুনামি জাপানের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও নীতিগবেষক। তিনি ১৯৬৫ সালে জাপানের ওকায়ামা প্রিফেকচারে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেন সার্ভিস থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিষয়ে স্নাতকোত্তর (এমআইএ) এবং রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০২০ সাল থেকে তিনি সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের (জিআরআইপিএস) বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননীতি গবেষণাকেন্দ্র ‘সাইরেক্স’-এর পরিচালক এবং প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের সঙ্গেও যুক্ত। বিজ্ঞান ও প্রযুক্তিনীতি, বিজ্ঞান কূটনীতি, জাতীয় উদ্ভাবনব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির রাজনৈতিক প্রভাব তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র। জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনবিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবেও তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কূটনীতি-সংক্রান্ত উপদেষ্টা পর্ষদসহ বিভিন্ন নীতিনির্ধারণী উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

আবেদন শুরু ১ নভেম্বর সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থী ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশগ্রহণের যোগ্য হবেন। সমাবর্তনে অংশগ্রহণের আবেদন গ্রহণ শুরু হবে ২০২৬ সালের ১ নভেম্বর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

সমাবর্তন সফলভাবে আয়োজনের লক্ষ্যে সভায় একটি নির্বাহী কমিটি, ব্যবস্থাপনা কমিটি ও একাধিক উপকমিটিও গঠন করা হয়েছে।