আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও ডিজিটাল যোগাযোগ জোরদারে গুরুত্বারোপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘দ্য ফোর্থ ট্রান্স-হিমালয়ান কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কনফারেন্স’ শুরু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোক প্রশাসন বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং চীনের ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগ, চীনের কংবা টিভি ও নেপালের হিমালয় টেলিভিশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চীনের ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জুন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবর রহমান এবং নেপালের হিমালয় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যাম কাদেল। স্বাগত বক্তব্য দেন প্যান-হিমালয়ান কমিউনিকেশন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. হান হং। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নায়িম সুলতানা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যৌথ গবেষণা, পাঠদান এবং গবেষকদের একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা কেবল সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা ও গবেষণায় বাস্তব উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সাহিত্য অনুবাদ, তথ্যনির্ভর যৌথ গবেষণা, সাংবাদিকতার নতুন ক্ষেত্র তৈরি এবং ডিজিটাল কূটনীতি নিয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি গবেষণাপত্র, তথ্য-উপাত্ত, শিক্ষাসামগ্রী ও গবেষণাপদ্ধতি বিনিময়ের ওপর গুরুত্ব দিতে হবে। তরুণ প্রজন্মকে এসব উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, তরুণদের শুধু আলোচনার শ্রোতা হিসেবে নয়, বরং আলোচ্য বিষয় নির্ধারণের ক্ষেত্রেও অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা ও জনস্বাস্থ্যের মতো বৈশ্বিক সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উন্নয়নের জন্য জ্ঞান বিনিময় মানে শুধু প্রতিবেদন প্রকাশ করা নয়; বরং এর ক্ষেত্রে জবাবদিহি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ভুল তথ্য, অপপ্রচার ও মিথ্যা তথ্যের বিস্তার রোধে জ্ঞান বিনিময়ের গুরুত্ব আরও বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান সৃষ্টি ও যাচাই করে এবং গণমাধ্যম সেই জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এ দুই প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ গবেষণালব্ধ জ্ঞানকে কার্যকর সিদ্ধান্তে রূপান্তর করতে সহায়তা করে। উন্নয়ন, অর্থনীতি ও সাংস্কৃতিক মূল্যবোধের ক্ষেত্রে জ্ঞান বিনিময়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সম্মেলনে চীনের ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির জনপ্রশাসন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এ ছাড়া চীনের কংবা টিভি এবং নেপালের হিমালয় টেলিভিশনের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…