শিক্ষার্থীদের বিপণন ও বিক্রয়সংক্রান্ত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘মার্কেটিং সেলস কার্নিভাল ২০২৬’। আগামী ১১ ও ১২ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিবিএ ২৮তম ব্যাচের উদ্যোগে এবং নাবিল গ্রুপের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠান, জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন। ‘Nabil Group Presents MKT Sales Carnival 2026’ শীর্ষক এ কার্নিভালের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত বিপণনবিষয়ক জ্ঞানকে বাস্তব বাজারব্যবস্থার সঙ্গে পরিচিত করা এবং বিক্রয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা। কার্নিভালে শিক্ষার্থীরা শুধু দর্শনার্থী হিসেবে অংশ নেবেন না; বরং সরাসরি বিক্রয়কর্মীর ভূমিকা পালন করবেন। ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, পণ্যের বৈশিষ্ট্য ও গুণাগুণ তুলে ধরা, ভোক্তার চাহিদা ও পছন্দ অনুধাবন, পণ্য উপস্থাপন এবং বিক্রয় কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে তাঁরা বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা, দর-কষাকষি, গ্রাহক ব্যবস্থাপনা ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
অংশ নিচ্ছে দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানঃ
এবারের কার্নিভালে স্টল পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে দেশের বিভিন্ন খাতের পরিচিত শিল্পপ্রতিষ্ঠান ও ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে নাবিল গ্রুপ, মিঠাই, বসুন্ধরা গ্রুপ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), স্কয়ার টয়লেট্রিজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মি. নুডলস, ম্যাটাডর, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, প্রাণ এবং আবুল খায়ের গ্রুপ। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ, জামদানি ফ্রম ইটস রুট, বগুড়ার দই, স্ন্যাপএনকিপ, প্রেসি, সুচিত্রী, তুলিস্পর্শ এবং গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্টস। এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে দর্শনার্থীরা একই জায়গায় বিভিন্ন ধরনের পণ্য, সেবা ও ব্র্যান্ড সম্পর্কে জানার সুযোগ পাবেন।
দর্শনার্থীদের জন্য থাকছে নানা আয়োজনঃ
দুই দিনব্যাপী এ কার্নিভালে দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী, সরাসরি পণ্যের ব্যবহার ও কার্যকারিতা প্রদর্শন এবং পছন্দের পণ্য কেনাকাটার সুযোগ। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিপণন কৌশল সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে দর্শনার্থীরা কার্নিভালে অংশ নিতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থী ও করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের একটি কার্যকর ক্ষেত্র তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যারা ভবিষ্যতে বিপণন, বিক্রয়, উদ্যোক্তা কিংবা করপোরেট খাতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এ আয়োজন বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।
২০১৫ সাল থেকে চলে আসছে সেলস কার্নিভালের ঐতিহ্যঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে সেলস কার্নিভাল আয়োজনের ইতিহাস বেশ পুরোনো। ২০১৫ সাল থেকে বিভাগটিতে এ আয়োজন হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও এবারের কার্নিভালের আহ্বায়ক অধ্যাপক ড. শেহেলী পারভিন বলেন, ২০১৫ সাল থেকে সেলস কার্নিভাল তাঁদের বিভাগে আয়োজিত হয়ে আসছে। এটি বিভাগের একটি ঐতিহ্য। সেই ঐতিহ্য উদ্যাপন এবং এর ধারাবাহিকতার অংশ হতে তিনি সবাইকে সাদর আমন্ত্রণ জানান।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব:
সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবসায় শিক্ষা ও বিপণন বিষয়ে পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের জন্য বাজার বিশ্লেষণ, ভোক্তার আচরণ বোঝা, পণ্যের প্রচার, ব্র্যান্ড ব্যবস্থাপনা এবং বিক্রয় কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা থাকা প্রয়োজন। সেলস কার্নিভালের মতো আয়োজন শিক্ষার্থীদের এসব বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ করে দেয়। এখানে একজন শিক্ষার্থীকে একই সঙ্গে বিক্রেতা, বিপণনকর্মী ও গ্রাহক ব্যবস্থাপকের ভূমিকা পালন করতে হয়। ফলে বাস্তব বাজারে একজন বিপণন পেশাজীবীকে যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান তাঁরা। অন্যদিকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরা এবং সম্ভাব্য নতুন গ্রাহকদের কাছে পৌঁছানোর একটি সুযোগ।
আয়োজকদের প্রত্যাশা, এবারের কার্নিভাল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী, ক্রেতা, উদ্যোক্তা ও করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাণবন্ত ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…