ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল আয়োজিত ‘মুহসীন হল আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে ২০২২-২৩ সেশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২০২৩-২৪ সেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় ২০২৩-২৪ সেশন।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মুহসীন হল মাঠে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একইসঙ্গে আয়োজিত হয় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাহিদ উদ্দিন শাওন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য টিপু সুলতান।
অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মূলনীতি ছিল ‘শিক্ষা, ঐক্য ও অগ্রগতি’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক মো. আবুজার গিফারী ইফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।
ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় ‘মুহসীন হল আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর এবারের আয়োজন। শিরোপা জয়ের মাধ্যমে ২০২৩-২৪ সেশন টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে