ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী লাল বাস ‘কিঞ্চিৎ’ পরিবারের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে ‘কিঞ্চিৎ: আসা-যাওয়ার গল্প ২০২৬’। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনবরণের পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও কিঞ্চিৎ পরিবারের সাবেক-বর্তমান সদস্যরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি কিঞ্চিৎ পরিবারের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধনকে আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দীর্ঘদিনের যাত্রাসঙ্গীদের বিদায় জানিয়ে স্মৃতিচারণ ও শুভকামনা জানান উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কিঞ্চিৎ শুধু শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম নয়; দীর্ঘদিন ধরে এটি শিক্ষার্থীদের কাছে একটি পরিবার ও বন্ধুত্বের জায়গা হিসেবে গড়ে উঠেছে। সেই সম্পর্কের ধারাবাহিকতায় নবীনদের বরণ এবং বিদায়ীদের সম্মান জানাতেই এবারের আয়োজন।
দিনব্যাপী আয়োজনে নবীন-প্রবীণদের অংশগ্রহণ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ।