ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘DUCSU Youth Leadership Summit 2026’। ‘Conscious Citizen Conclave: Democracy, Ethical Leadership and Justice’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে তরুণ নেতৃত্ব, গণতন্ত্র, নৈতিক দায়িত্ববোধ ও ন্যায়বিচার নিয়ে আলোচনা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
সম্মেলনের কর্মসূচিতে থাকবে সংসদীয় বিতর্ক, প্যানেল আলোচনা, শিক্ষার্থীদের মতামত উপস্থাপন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব। পাশাপাশি বিতর্কে অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়ারও আয়োজন থাকবে।
আলোচনায় গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক নেতৃত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পাবে। বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা তুলে ধরা এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও নাগরিক বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নির্ধারিত নিবন্ধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিদের পরবর্তী সময়ে আয়োজকেরা অবহিত করবেন।
তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং গণতন্ত্র, নৈতিক দায়িত্ববোধ ও ন্যায়বিচার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…