ঢাকা - ভিয়েতনামের দানাং শহরে অনুষ্ঠিত ‘১৫তম গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিজঅ্যাবিলিটিজ (GITC) ২০২৬’-এ 'ই-কন্টেন্ট' ক্যাটাগরিতে ১ম স্থান (বেস্ট টিম অ্যাওয়ার্ড) অর্জন করে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছে ‘টিম বাংলাদেশ’। এই বিজয়ী দলের অন্যতম মূল সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. শাকিল মিয়া।

গত ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের দানাং শহরে Duy Tan University-তে অনুষ্ঠিত হয় বিশ্বমঞ্চের এই চূড়ান্ত পর্ব।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি (LG), দানাং সিটি কর্তৃপক্ষ এবং দুই তান ইউনিভার্সিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন ও স্বাগতিক ভিয়েতনামসহ ৯টি দেশের ৮১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় স্বাগতিক দেশ ও বিশ্বসেরা প্রতিযোগীদের পেছনে ফেলে ১ম স্থান অধিকার করে বাংলাদেশ দল এবং পুরস্কার হিসেবে জিতে নেয় ৬০০ মার্কিন ডলার। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় স্থান অর্জন করে দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান লাভ করে থাইল্যান্ড।

কঠোর বাছাইপর্ব পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পথটি মোটেও সহজ ছিল না। দেশের প্রায় ৭০০ প্রতিবন্ধী তরুণের অংশগ্রহণে আয়োজিত এক কঠোর ও প্রতিযোগিতাপূর্ণ জাতীয় বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের জন্য স্থান নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র মো. শাকিল মিয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে শ্রেষ্ঠত্ব

প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ও টেকনিক্যাল ‘ই-কন্টেন্ট’ (e-Content) ক্যাটাগরিতে লড়াই করে বাংলাদেশ দল। কড়া সময়ের নির্ধারিত সীমার মধ্যে প্রম্পট কনসেপ্ট প্ল্যানিং, ডিজিটাল স্টোরিটেলিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্ল্যাটফর্মের প্রয়োগ এবং উদ্ভাবনী ভিডিও প্রোডাকশনের মতো সুনির্দিষ্ট সূচকে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিচারকদের মুগ্ধ করে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় টিম বাংলাদেশ।

আন্তর্জাতিক পর্যায়ের এমন গৌরবময় অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এবং ইতিহাস বিভাগ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শাকিলের এই সাফল্য বাংলাদেশের অদম্য তরুণদের আইটি খাতের দক্ষতা এবং আন্তর্জাতিক দরবারে বাংলাদেশের সক্ষমতার অনন্য প্রমাণ।