ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন। আজ বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন ও র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। পরে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের এবারের মূল স্লোগানগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিহত করা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী দুঃশাসন ও মৌলবাদী-সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান এবং ছাত্ররাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করা।

আয়োজকরা জানান, সম্মেলনের ধারাবাহিকতায় বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভা, নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকারসহ দেশ-বিদেশের বিভিন্ন ছাত্র ও শিক্ষাবিষয়ক সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ সভাপতিত্ব করবেন। সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রিনা মুর্মুও এতে বক্তব্য রাখবেন। শ্রীলঙ্কা, ভারত ও নেপালের ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনকে সামনে রেখে গত ১৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ সংগঠনের দীর্ঘদিনের শিক্ষা আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন জোরদারের কথা বলেন। সম্মেলন সফল করতে নারায়ণগঞ্জে ৩৯ সদস্যের প্রস্তুতি কমিটিও গঠন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের শিক্ষা ও ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি, শিক্ষার অধিকার এবং ছাত্রসমাজের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সম্মেলনে আলোচনা ও ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হবে।