ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য— “Rethinking Public Administration in an Era of Global Crisis: Governance and Policy Responses”।
সম্মেলনে বৈশ্বিক সংকটের সময়ে জন প্রশাসন, সুশাসন ও নীতিগত প্রতিক্রিয়া নিয়ে আলোচনা ও একাডেমিক মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ থাকছে।
সম্মেলনে গভর্নেন্স রিফর্ম, সমসাময়িক আমলাতান্ত্রিক রূপান্তর, বৈশ্বিক সংকটে জননীতি, গণতন্ত্র ও মানবাধিকার, উচ্চশিক্ষা প্রশাসন, ডিজিটাল গভর্নেন্স ও সাইবার নিরাপত্তা, অভিবাসন ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও স্থিতিস্থাপকতা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের ভেন্যুর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের লোকপ্রশাসন বিভাগ এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন।
সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষকদের অংশগ্রহণের পাশাপাশি গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ রাখা হয়েছে। সম্মেলনের বক্তাদের তালিকায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাসসের মোনেম, কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক এবং চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জেং শিয়াংইউয়ের নাম রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, বৈশ্বিক পরিবর্তন ও সংকটের প্রেক্ষাপটে জন প্রশাসনের ভূমিকা, নীতি প্রণয়ন এবং সুশাসন নিয়ে এই সম্মেলনে বিভিন্ন একাডেমিক দৃষ্টিভঙ্গি উঠে আসবে।