ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) প্রোগ্রামের ১৯তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর (শুক্রবার)। লিখিত ও বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভর্তির যোগ্যতা হিসেবে প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ২.৫০ সিজিপিএ থাকতে হবে। পাশাপাশি অন্তত এক বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে শিক্ষাগত পটভূমি রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইসিএবি, আইসিএমএবি ও এসিসিএর সদস্যদের লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে তাঁদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সংশ্লিষ্ট পেশাগত যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের জন্য নির্ধারিত শর্তে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে।
এমপিএ প্রোগ্রামটি দুই বছর মেয়াদি। এতে মোট ৫১টি ক্রেডিট, ১৬টি কোর্স ও একটি প্রজেক্ট পেপার রয়েছে। কর্মজীবী ও পেশাজীবীদের কথা বিবেচনায় রেখে প্রোগ্রামটির পাঠ্যক্রম সাজানো হয়েছে। শুক্রবার, শনিবার ও সপ্তাহের কর্মদিবসের সন্ধ্যায় ক্লাসের ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ প্রোগ্রামের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগ্রহী প্রার্থীরা ++mpa-ais-du.com++ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিকাশে আবেদন ফি জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে ০১৭০৫-৩০৫২৬৫ নম্বর উল্লেখ করা হয়েছে।
এমপিএ প্রোগ্রামটি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স খাতে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। প্রোগ্রামটির বিস্তারিত তথ্য, যোগ্যতা ও ভর্তি-সংক্রান্ত নির্দেশনা জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…