ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হেলথ ইকোনমিক্স ডিবেটিং ক্লাব (এইচইডিসি) আয়োজিত ‘ইন্টার-ডিপার্টমেন্ট পলিসি ডিবেট কনক্লেভ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব (প্যাকসডিসি)।

দুই দিনব্যাপী এ পলিসি বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত মোট ২৪টি বিতর্ক সংগঠন অংশগ্রহণ করে। ব্রিটিশ পার্লামেন্টারি (BP) ফরম্যাটে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয় চারটি দল—শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ডিবেটিং ক্লাব, অ্যারাবিক ডিবেটিং ক্লাব এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাব।

প্রতিযোগিতায় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্ক করেন বিভাগের দুই শিক্ষার্থী তাসমিয়া ফেরদৌস ও কে. এম. জুলকার নাঈন। গ্রুপ পর্বের (ট্যাব রাউন্ড) অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলটি ‘টপ টিম ব্রেক’ অর্জন করে এবং সর্বপ্রথম গ্র্যান্ড ফাইনালে জায়গা নিশ্চিত করে।

ব্যক্তিগত পর্যায়েও সাফল্য অর্জন করেন দলের দুই বিতার্কিক। তাসমিয়া ফেরদৌস ‘থার্ড স্পিকার ব্রেক’ অর্জন করেন। অন্যদিকে, প্রতিযোগিতার ডিবেটার অব দ্য টুর্নামেন্ট (DOT) নির্বাচিত হন কে. এম. জুলকার নাঈন।

গত শনিবার (৩ অক্টোবর) শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় রোববার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আরসি মজুমদার অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা আকন্দ বাবুল। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কে. এম. নাফিস ইফতেখার তোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলথ ইকোনমিক্স ডিবেটিং ক্লাবের সভাপতি রেদওয়ান উল্লাহ মহসিন।

চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে বিজয়ী দলের নাম ঘোষণা করেন প্রধান অতিথি ফজলে হুদা আকন্দ বাবুল এমপি। পরে বিজয়ী দলের হাতে ক্রেস্ট ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ বিজয়ে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। একইসঙ্গে ক্লাবের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের দুই বিতার্কিক তাসমিয়া ফেরদৌস ও কে. এম. জুলকার নাঈনকে অভিনন্দন জানানো হয়েছে।