ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ‘AI and Innovation-Driven Entrepreneurship’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ অক্টোবর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ সেন্টারের উদ্যোগে কারাস (CARASS) ভবনের আইসিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়। “Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship Project”-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অদিতী শামস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. কিহুন সিওং এবং প্রকল্প পরিচালক ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভান্সড এআই ল্যাব লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী এআই-এর ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এআই বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনের অনুকূল পরিবেশ তৈরি এবং দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, এআই ব্যবহারে ডিজিটাল বৈষম্য ও দক্ষতার ঘাটতি দূর করা প্রয়োজন। পাশাপাশি মানসম্মত ডেটা নিশ্চিত করা এবং এআই ব্যবহারে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।