ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ লক্ষ্যে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং বৃত্তির সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের কার্যালয়ে হাঙ্গেরির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে ছিলেন দিল্লিতে অবস্থিত হাঙ্গেরি দূতাবাসের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কাউন্সেলর ড. ডায়ানা ডাচি এবং বাংলাদেশে হাঙ্গেরির কনস্যুলেটের চিফ অব স্টাফ মো. সুলতানুল আরেফিন।

সাক্ষাৎকালে ড. ডায়ানা ডাচি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায় পর্যন্ত প্রতিবছর ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে। এসব বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। এ ছাড়া হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৬০টিরও বেশি শিক্ষাক্রমে পড়াশোনার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি এসব বৃত্তির সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে এবং আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরিতে আবেদন করতে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন।

অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম তুলে ধরে বলেন, বিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, যৌথভাবে গবেষণাপত্র প্রকাশ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও ওয়েবিনার আয়োজনের মাধ্যমে এ সহযোগিতা সম্প্রসারণ করা যেতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ের উদ্যোগের সঙ্গে অনুষদ ও বিভাগ পর্যায়েও কার্যকর সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ স্থাপন এবং সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে সহায়তার আগ্রহ প্রকাশ করেন ড. ডায়ানা ডাচি। বৈঠকে উভয় পক্ষই শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।