ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলীপ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া এবং বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্টের চেয়ারম্যান সবুজ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. নীরু বড়ুয়া। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আজহারুল ইসলাম।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা ও সমাজের বিভিন্ন মানুষের অবদান থাকে। ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষার্থীদের এসব অবদানের প্রতিদান দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত ও অ্যালামনাইদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় পরিসরে ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এবারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রথম বর্ষের ১৬ জন, দ্বিতীয় বর্ষের ৪ জন, তৃতীয় বর্ষের ৮ জন, চতুর্থ বর্ষের ২ জন এবং মাস্টার্সের একজন শিক্ষার্থী রয়েছেন। মোট ৩১ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছেন।