ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ তাওহিদুর রহমান তুষার যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আর্থ সায়েন্সেস (জিওফিজিক্স) বিষয়ে ডিফিল (DPhil) করার জন্য মর্যাদাপূর্ণ কমনওয়েলথ স্কলারশিপ অর্জন করেছেন।
তুষার তাঁর এক ফেসবুক পোস্টে জানান, অক্সফোর্ডে তাঁর ডক্টরাল গবেষণার বিষয় হবে জিওফিজিক্স। গবেষণাটি পরিচালিত হবে ড. জেসিকা হথর্নের তত্ত্বাবধানে। ভূমিকম্প ও ফল্ট মেকানিক্স নিয়ে গবেষণার সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ ডক্টরাল গবেষণা প্রস্তাব তৈরির লক্ষ্যে ২০২৫ সালের এপ্রিল থেকে তাঁদের একাডেমিক যোগাযোগ শুরু হয় বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তুষারের উচ্চশিক্ষার একাডেমিক ভিত্তি তৈরি হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগ থেকে জিওফিজিক্সে মাস্টার্স সম্পন্ন করেন। স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার পর তিনি IDEA League MSc in Applied Geophysics প্রোগ্রামের আওতায় বিদেশে অর্থায়িত উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন। তবে বাবার ইচ্ছা পূরণে তিনি সে সুযোগ না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থায়নের সুযোগ কেবল পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় তিনি পূর্ণ অর্থায়নে ডক্টরাল প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান।
অক্সফোর্ডে স্থান পাওয়ার প্রক্রিয়ায় নিজ বিভাগ ও সম্ভাব্য তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের আগেই অফার নিশ্চিত করেন তুষার। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত আবেদন-সংক্রান্ত শর্ত পূরণের সুযোগ পান তিনি।
পরবর্তীতে প্রতিযোগিতামূলক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি কমনওয়েলথ স্কলারশিপের জন্য বাংলাদেশের জাতীয় মনোনয়ন লাভ করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Overseas Teachers’ Training Scholarship-ও অর্জন করেছেন তিনি।
তুষারের এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে অক্সফোর্ডে জিওফিজিক্স বিষয়ে উচ্চতর গবেষণার নতুন সুযোগ তৈরি হলো।