ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৫ শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর। এদিন সকাল সাড়ে ১১টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুর রাজ্জাকের পুত্র আসিফ আহমেদ, অধ্যাপক মো. হামিদুজ্জামান খানের সহধর্মিণী ভাস্কর আইভি জামান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৫-এর আহ্বায়ক মুকুল কুমার বাড়ৈ এক আমন্ত্রণবার্তায় এ তথ্য জানিয়েছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীটি আগামী ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়া হবে।
আয়োজকেরা শিল্পানুরাগী, শিক্ষার্থী ও দর্শনার্থীদের প্রদর্শনী পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…