বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ৯৮টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এ উপলক্ষে গত ১৮ অক্টোবর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে প্রকল্প পরিচালক ও সহ-প্রকল্প পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া প্রো-উপাচার্য (প্রশাসন), বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট গবেষকেরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের সীমাবদ্ধতা ও সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

উপাচার্য আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি গবেষকদের কিউ-১ ও কিউ-২ মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে কোর্স সম্পন্ন, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের বিষয়েও গুরুত্ব দেন।

সভায় সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।