ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহী গ্র্যাজুয়েটদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া মোট চারটি ধাপে সম্পন্ন হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ধাপের কার্যক্রম শেষ করতে হবে। একই সঙ্গে ২ ডিসেম্বরের মধ্যে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশগ্রহণের যোগ্য হবেন।
এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেসব ফলাফলের আওতাভুক্ত গ্র্যাজুয়েটরাও ৫৪তম সমাবর্তনে অংশ নিতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি প্রদান করা হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের আবেদন ও পেমেন্টের নির্ধারিত সময়সীমা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের ওয়েবসাইট: ++https://convocation.du.ac.bd/++
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…