ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম ও সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক সজীব বৈঠকে অংশ নেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা চালুর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আরও কার্যকর ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মান ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতা প্রদানের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।