ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকৃত বিভিন্ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৭ অক্টোবর ২০২৬, বুধবার প্রধান অতিথি হিসেবে এসব সংস্কারকাজের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সংস্কারকাজের অংশ হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের বিভিন্ন প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত থাকা অনুষদ ভবনের একটি লিফটও মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। এতে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের একটি ভোগান্তির অবসান হয়েছে।
উদ্বোধন শেষে উপাচার্যসহ অতিথিরা সংস্কারকৃত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় অনুষদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের পরিবেশ আরও উন্নত করতে সংস্কার ও উন্নয়নকাজ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।